রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Logo
সর্বশেষ:
এইচএসসি পরীক্ষা সম্পূরক পরীক্ষায় বসছেন না আড়াই লাখ শিক্ষার্থী ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন বরিশালে ক্ষোভের স্মারক অ্যানেক্স ভবন অনিশ্চয়তায় সংস্কার বন্ধ নাগরিক সেবা ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায় নদীতীরে গ্রামবাসীর মানববন্ধন ‘মোরা কার্ড চাই না, বেড়িবাঁধ চাই’ প্রধান শিক্ষক নেই দৌলতখানের ৭৩ স্কুলে ১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠানে স্পিকার বুকের উপর উঠে মারধর বড় ভাইয়ের, প্রাণ গেল সাবেক যুবদল নেতার মদিনার দিকে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে নেওয়া হয়েছে : মুফতি ফয়জুল করিম

দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস

প্রতিবেদকের নাম / ১ সময় দৃশ্য
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

একসময় খাল, পুকুর ও দিঘিবেষ্টিত নগর ছিল বরিশাল। এখন সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ২ হাজার জলাশয়ের ৯০ শতাংশই ভরাট হয়ে গেছে। জলাশয় সংকটে বাড়ছে জলাবদ্ধতা এবং অগ্নিকাণ্ডে পানি সংগ্রহেও বিপাকে পড়ছে ফায়ার সার্ভিস। একইভাবে ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্বও বিলীন, ১৩টি মৃতপ্রায়।

তথ্যমতে, আশির দশকের আগে বরিশাল নগরে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ২ হাজার পুকুর ও দিঘি ছিল। ২০১১ সালে প্রণীত বরিশাল সিটির মহাপরিকল্পনা অনুযায়ী, নগরে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুর ছিল ৪৩৬টি। ভরাট হতে হতে এখন তা ২০০-এর নিচে নেমেছে। অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) যৌথ জরিপে নগরে ব্যক্তিমালিকানাধীন ছোট-বড় প্রায় দেড় হাজার পুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। এর অধিকাংশই ভরাট করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন।

নগরীজুড়েই পুকুর ভরাট চলছে। ব্যক্তিমালিকানাধীনের পাশাপাশি সরকারি ও ঐতিহ্যবাহী জলাশয়ও ভরাট হচ্ছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৮০ শতাংশের একটি জলাশয় ভরাটের চেষ্টা চালানো হয়েছে। একই সড়কের হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের পাশে বিআইডব্লিউটিএ-এর মালিকানাধীন ৯০ দশমিক ৫০ শতাংশের আরেকটি জলাশয় ভরাট শুরু করলে তা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। নগরীর নথুল্লাবাদে প্রায় তিন একরের একটি জলাধারের সিংহভাগ ভরাট করে প্লট তৈরি করে বিক্রি করা হয়েছে।

পুকুর-দিঘির পাশাপাশি দখল ও ভরাটের শিকার হচ্ছে নগরীর খালগুলো। ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব বিলীন, ১৩টি মৃতপ্রায়। মাত্র চারটিতে পানিপ্রবাহ রয়েছে। খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দখল ও দূষণে ভাটার খালের অবস্থাও ভয়াবহ।

একসময় বৃষ্টির পানি খাল ও পুকুরে গিয়ে জমা হতো। এখন সেসব জায়গায় স্থাপনা গড়ে ওঠায় সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমছে। পাশাপাশি জলাশয় কমে যাওয়ায় বৃষ্টির পানি মাটির নিচে প্রবেশের সুযোগ কমছে। ফলে ক্রমেই নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। দুই দশক আগে ৭৮০ থেকে ৮২০ ফুট গভীরতায় সুপেয় পানি পাওয়া গেলেও এখন ৯৫০ ফুটের নিচে না গেলে পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। জলাশয় কমে যাওয়ায় অগ্নিনির্বাপণব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে। নগরীর কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ির মজুত পানি শেষ হয়ে গেলে কাছাকাছি পুকুর, দিঘি বা জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু একের পর এক জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বিকল্প পানির উৎস কমে গেছে।

বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, এভাবে জলাশয় হারিয়ে যেতে থাকলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের উৎস থাকবে না। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ ও অগ্নিনির্বাপণের জন্য পুকুর, দিঘি ও খাল অপরিহার্য।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রিজার্ভ ট্যাংকের পানি দিয়ে আগুন নেভাতে গেলে অনেক সময় তা অপর্যাপ্ত হয়ে পড়ে। তখন ঘটনাস্থলের কাছাকাছি জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বরিশালে দিনদিন জলাশয় কমে যাওয়ায় প্রায়ই পানির সংকটে পড়তে হচ্ছে।

বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, পুকুর ও জলাশয় ভরাট ঠেকাতে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com