বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের ইন্দুরকানীতে চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য ভোররাতে পটুয়াখালীর গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্তের তালিকায় বাংলাদেশ ১৬তম কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নে প্রকৃতি সংরক্ষণে জোর বাংলাদেশের নানা কর্মসূচিতে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত নিবিড় পরিচর্যা চিকিৎসা সেবার উন্নয়নে তাগিদ সিবকন সম্মেলনে বিশেষজ্ঞরা রূপপুরে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে ১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্তের তালিকায় বাংলাদেশ ১৬তম কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নে প্রকৃতি সংরক্ষণে জোর বাংলাদেশের

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

ঘূর্ণিঝড়, বন্যা, তাপপ্রবাহ ও অন্যান্য চরম আবহাওয়ার কারণে তিন দশকে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬তম। পরিবেশ ও উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সংস্থা জার্মানওয়াচের ক্লাইমেট রিস্ক ইনডেক্স (সিআরআই) ২০২৭ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ১৯৯৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩০ বছরের চরম আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতির তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রতিবেদনটি প্রকাশ করেছে জার্মানওয়াচ।

আগের সংস্করণের সূচকে ৩০ বছরের হিসাবে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। এবার তা তিন ধাপ পিছিয়ে ১৬তম হয়েছে। তবে এ পরিবর্তনকে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমে যাওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। সূচকটি মূলত চরম আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতির ভিত্তিতে দেশগুলোর তুলনামূলক অবস্থান তুলে ধরে। গত তিন দশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০ দেশের তালিকায় আরও রয়েছে হাইতি, হন্ডুরাস, ভারত, মিয়ানমার, নিকারাগুয়া ও পাকিস্তানের মতো নিম্ন-নিম্ন মধ্যম আয়ের দেশ।

ছয়টি সূচকের ভিত্তিতে দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো– মোট মৃত্যুর সংখ্যা, প্রতি এক লাখ মানুষের বিপরীতে মৃত্যুর হার, মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা, প্রতি এক লাখ মানুষের বিপরীতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা, মোট অর্থনৈতিক ক্ষতি এবং জিডিপি অনুপাতে অর্থনৈতিক ক্ষতি। তবে প্রতিবেদনে বাংলাদেশের জন্য আলাদাভাবে দুর্যোগজনিত মৃত্যুর সংখ্যা, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কিংবা অর্থনৈতিক ক্ষতির বিস্তারিত হিসাব দেওয়া হয়নি।

জার্মানওয়াচের প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছরে বিশ্বজুড়ে জলবায়ু-সম্পর্কিত প্রায় ১০ হাজার চরম আবহাওয়ার ঘটনায় ৯ লাখ ১৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত মানুষসহ এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৫০ কোটি মানুষ। সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ চার লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি, যা জার্মানির বর্তমান মোট দেশজ উৎপাদনের প্রায় সমান। এ সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি দেশ ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাস। এর পর রয়েছে লিবিয়া, হাইতি ও গ্রেনাডা। তালিকায় ফিলিপাইনের অবস্থান সপ্তম, নিকারাগুয়ার অষ্টম, বাহামা নবম ও ভারত দশম।
প্রতিবেদনের অন্যতম লেখক লরা শেফার বলেন, গত ৩০ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০ দেশের মধ্যে বাহামা একমাত্র উচ্চ আয়ের দেশ। বাকি ৯টি দেশ ভয়াবহ গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়েছে। অনেক ক্ষেত্রে একই দেশকে বারবার ঘূর্ণিঝড়ের আঘাত মোকাবিলা করতে হয়।

প্রতিবেদনে চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষেত্রে দুটি প্রবণতা চিহ্নিত করা হয়েছে। ডমিনিকা, মিয়ানমার ও হন্ডুরাসের মতো দেশগুলো একাধিক ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত হয়। অন্যদিকে ফিলিপাইন ও ভারতের মতো দেশকে নিয়মিত চরম আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে।

প্রতিবেদনের আরেক লেখক ভেরা কুনৎসেল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুই ধরনের দেশেরই ঝুঁকি বাড়ছে। এক সময় ব্যতিক্রমী বলে বিবেচিত দুর্যোগ এখন নিয়মিত হুমকিতে পরিণত হচ্ছে। বিশেষ করে যেসব দেশের অভিযোজন ও পুনর্গঠনের সক্ষমতা সীমিত, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

শুধু ২০২৫ সালেই বিশ্বজুড়ে ৩৬৭টি চরম আবহাওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় প্রায় ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ কোটির বেশি মানুষ। সরাসরি অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৫ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের বেশি। ওই বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ছিল জ্যামাইকা, শ্রীলঙ্কা ও স্পেন। এরপর রয়েছে থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে চরম আবহাওয়াজনিত মৃত্যুর প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী ছিল তাপপ্রবাহ। ওই বছর তাপপ্রবাহে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর গত তিন দশকে চরম আবহাওয়ার ঘটনায় নথিভুক্ত মোট মৃত্যুর ৪০ শতাংশের জন্য দায়ী ছিল এই দুর্যোগ।

প্রতিবেদনের অন্যতম লেখক লিসা শুল্টহাইস বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার মানবিক মূল্য উদ্বেগজনক। ২০২৬ সালের ভয়াবহ তাপপ্রবাহের তথ্য এ সূচকে অন্তর্ভুক্ত হয়নি। তারপরও ৩০ বছরে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে তাপপ্রবাহ। বিশেষ করে গ্লোবাল সাউথের দেশগুলোতে তাপজনিত মৃত্যুর প্রকৃত চিত্র সরকারি হিসাবে যথাযথভাবে উঠে আসে না।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব সব দেশের ওপর সমানভাবে পড়ছে না। সব আয়স্তরের দেশই চরম আবহাওয়ার মুখোমুখি হলেও বৈশ্বিক জলবায়ু সংকটে তুলনামূলকভাবে কম অবদান রাখা দরিদ্র দেশগুলোকে এর বড় পরিণতি বহন করতে হচ্ছে। সীমিত আর্থিক সম্পদ, দুর্বল অবকাঠামো এবং দুর্যোগ মোকাবিলার সীমিত সক্ষমতার কারণে এসব দেশের ঝুঁকি বেশি।

জার্মানওয়াচের লেখক ডেভিড একস্টাইন বলেন, ইউরোপসহ সব অঞ্চলের মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য জলবায়ু অভিযোজন অন্যতম সাশ্রয়ী বিনিয়োগ। পদক্ষেপ না নেওয়ার খরচ অভিযোজন ও জ্বালানি রূপান্তরের খরচের চেয়ে অনেক বেশি। তবে অভিযোজনেরও সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া দ্রুত করতে কপ৩১-কে কাজে লাগাতে হবে। পাশাপাশি জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন জোগাড় করতে দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের অর্থায়নে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।

এ ব্যাপারে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, বাংলাদেশের জন্য প্রতিবেদনটি বিশেষ গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও তাপপ্রবাহের মতো দুর্যোগপূর্ণ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে। একের পর এক দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে অনেক উপকূলীয় ও নদীতীরবর্তী জনগোষ্ঠীকে। ফলে অভিযোজনের পাশাপাশি ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নও জরুরি হয়ে উঠেছে।

এদিকে ‌কার্বন ক্রেডিট খাতের সম্ভাবনা কাজে লাগাতে বৃক্ষরোপণ, ম্যানগ্রোভ সংরক্ষণ ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে গত সোমবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. সাইমুম পারভেজ। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) আয়োজনে ‘রুটেড ইন দ্য ডেল্টা, রাইজিং ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বড় অংশজুড়ে থাকবে ম্যানগ্রোভ। এসব বন সংরক্ষণ ও পুনরুদ্ধারের মাধ্যমে ব্লু কার্বনভিত্তিক কার্বন ক্রেডিট তৈরির সম্ভাবনা রয়েছে। এ জন্য পরিবেশগত সুফলের নির্ভরযোগ্য পরিমাপ ও স্বাধীন যাচাই প্রয়োজন। তিনি ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগও তুলে ধরেন। পাশাপাশি পরিবেশদূষণ কমাতে বর্জ্য উৎপাদন হ্রাস, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের ওপর গুরুত্ব দেন।

অন্যদিকে ডি-৮ মন্ত্রী পর্যায়ের জলবায়ু অধিবেশনে বাংলাদেশ অনুদানভিত্তিক ও সহজ শর্তের অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানায়। সেখানে ডি-৮ পরিবেশ ও জলবায়ু সহযোগিতা প্ল্যাটফর্ম কার্যকর করা, কারিগরি কর্মদল গঠন এবং ২০২৭ থেকে ২০৩০ মেয়াদে বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরির প্রস্তাব দেওয়া হয়। এতে জলবায়ু সহনশীল কৃষি, পানি ব্যবস্থাপনা, দুর্যোগের আগাম সতর্কীকরণ ও ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আয়োজনে ‘ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস: বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড. সাইমুম পারভেজ। সেখানে জলবায়ু অর্থায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকর প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে ট্রাস্টের ২০২৬-২০৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করা হয়।

গ্লোবাল শিল্ড থেকে ৩০ মিলিয়ন ইউরো অনুদান পাচ্ছে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের সম্ভাবনা রয়েছে।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়নের আবেদন করেছিল। জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com