বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের ইন্দুরকানীতে চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য ভোররাতে পটুয়াখালীর গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্তের তালিকায় বাংলাদেশ ১৬তম কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নে প্রকৃতি সংরক্ষণে জোর বাংলাদেশের নানা কর্মসূচিতে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত নিবিড় পরিচর্যা চিকিৎসা সেবার উন্নয়নে তাগিদ সিবকন সম্মেলনে বিশেষজ্ঞরা রূপপুরে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে ১১ বছরেও স্মার্ট এনআইডি পাননি সাড়ে ৫ কোটি মানুষ

ইন্দুরকানীতে চুরির অভিযোগে অসুস্থ বৃদ্ধকে শিকলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের ইন্দুরকানীতে এক ছড়া সুপারি ও এক কাঁদি কলা চুরির অভিযোগে রুহুল আমিন মীর (৭০) নামের এক মানসিক ভারসাম্যহীন ও হতদরিদ্র বৃদ্ধকে মারধর করে কোমরে শিকল বেঁধে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে। এ সময় তার গলায় ওই সুপারি ও কলা ঝুলিয়ে দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের মধ্য কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রব।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে প্রতিবেশী হাফেজ আবদুল হালিম ও আবদুল জব্বার হাওলাদারের বাড়ি থেকে এক ছড়া সুপারি এবং এক কাঁদি কলা নিয়ে যান বৃদ্ধ রুহুল আমিন। এর জেরে পরদিন সোমবার সকালে কালাইয়া গ্রামের নাসির উদ্দিনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে মারধর করেন। মারধরের ভয়ে ওই বৃদ্ধ কাপড় নষ্ট করে ফেলেন। পরে তার কোমরে শিকল বেঁধে তালা লাগিয়ে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়।

সোমবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. কাওসার আলম বলেন, রুহুল আমিন পেশাদার চোর নন। তার কোনো ছেলে নেই এবং বয়সের ভারে কাজও করতে পারেন না। অভাবের তাড়নায় তিনি এমন কাজ করে থাকতে পারেন। তার ঘরের অবস্থাও খুব নাজুক। জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবানদের উচিত ছিল তার খাবারের ব্যবস্থা করা। তা না করে পেটের দায়ে সামান্য খাবার নেওয়ার অপবাদে তাকে এভাবে অমানবিক হেনস্তা করা হলো।

এ বিষয়ে ইউপি সদস্য আবদুর রব বলেন, ঘটনাটি শুনেছি। তবে আমার কাছে কেউ অভিযোগ নিয়ে না আসায় বিষয়টি নিয়ে আর এগোইনি। হতদরিদ্র হওয়ায় তিনি মাঝেমধ্যে এমন কাজ করেন। আমাদের বরাদ্দ সীমিত, বছরে মাত্র দুবার ১০ কেজি করে চাল দেওয়া যায়—এর বাইরে কিভাবে সহযোগিতা করব?

ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। মাঝেমধ্যে তিনি মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য কারণে তার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, তা কোনোভাবেই ঠিক হয়নি। খবর পেয়ে আমি তার বাড়িতে কিছু খাবার পাঠিয়েছি এবং ভবিষ্যতেও তাকে সহায়তা করা হবে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা ও সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি ফেসবুকে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com