মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ:
হাইকোর্টের আদেশ স্থগিত, পবিপ্রবিতে শিক্ষক পদে যোগ দিলেন ৩ কর্মকর্তা ঘুস নেওয়ার সময় দুদকের কাছে হাতেনাতে ধরা পৌর প্রকৌশলী বগা সেতুর কৃতিত্ব ব্যক্তি বা দলের নয়, বাউফলবাসীর: এমপি মাসুদ পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ প্রধান সড়কের ওপরে ড্রেজারের পাইপলাইন অবৈধ ড্রেজারে ক্ষতবিক্ষত বরিশাল, বাড়ছে দুর্ঘটনা হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের ২৪ নভেম্বর: ইতিহাসের এই দিনে বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রধান সড়কের ওপরে ড্রেজারের পাইপলাইন অবৈধ ড্রেজারে ক্ষতবিক্ষত বরিশাল, বাড়ছে দুর্ঘটনা

প্রতিবেদকের নাম / ০ সময় দৃশ্য
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার ও বালু সরবরাহের পাইপলাইনের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বাড়লেও বন্ধ হচ্ছে না এসব কর্মকাণ্ড। নগরীর বিভিন্ন সড়কের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ড্রেজার পাইপলাইন স্থাপন করায় একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা। কোথাও পাইপের ‘লিকেজ’ থেকে সড়কে পানি জমে তৈরি হচ্ছে ভোগান্তি। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। সরেজমিন দেখা যায়, নগরীর বিভিন্ন এলাকায় প্রধান সড়কের ওপর দিয়ে নেওয়া হয়েছে ড্রেজারের পাইপলাইন। বিশেষ করে ভাটিখানা জোড়মসজিদ এলাকায় প্রধান সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইনের কারণে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি পাইপের বিভিন্ন স্থানে লিকেজ হয়ে পানি বেরিয়ে সড়কে জমে থাকছে। এতে সড়কের ক্ষতির পাশাপাশি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। শুধু ভাটিখানা জোড়মসজিদ এলাকাই নয়, নগরীর আরও বেশ কয়েকটি এলাকায় একই ধরনের চিত্র দেখা গেছে। সড়কের ওপর দিয়ে এভাবে পাইপলাইন স্থাপন করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা ও ছোট যানবাহনের চালকদের দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকছে। এ অবস্থায় নগরীর সড়ক, ফুটপাত ও ড্রেনের ওপর দিয়ে অনুমোদনহীন ড্রেজার পাইপলাইন স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী। তাদের মতে, শুধু পাইপ অপসারণ নয়, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব পাইপলাইন স্থাপনের সঙ্গে জড়িত, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। সাম্প্রতিক সময়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্ছেদ শাখা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার পাইপলাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক, তালুকদার বাড়ির মোড়, ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্মিত আবেদ আলী শাহ সড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ড্রেজার পাইপ জব্দ ও অপসারণ করেছে। দরপত্র বাতিলের পরও পাইপ ফেলে রাখা এবং বালু উত্তোলনসহ সড়কের স্থায়িত্ব ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানায় সিটি করপোরেশন। গত ২৭ সেপ্টেম্বর নগরীর পরিবেশ ও অবকাঠামো রক্ষায় বিসিসি নগরীর ১৮টি বালু অবতরণ কেন্দ্রের ইজারা ও কার্যাদেশ বাতিল এবং বালু সরবরাহে ব্যবহৃত পাইপলাইন অপসারণের নির্দেশ দেয়। এ বিষয়ে বিসিসির উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদার বলেন, পরিবেশ রক্ষায় দরপত্র বাতিলের আদেশ অমান্য করে ড্রেজারের পাইপ ফেলে রাখা কিংবা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। সরকারি নির্দেশনা অমান্য করে যারা পরিবেশ ধ্বংস করবে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নগরীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য রাখতে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এক্ষেত্রে কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না। নগরীতে যত্রতত্র ড্রেজার পাইপলাইন স্থাপন শুধু সড়কের ক্ষতিই করছে না, বরং ড্রেনের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি করছে। বিশেষ করে নবনির্মিত সড়ক কেটে কিংবা ড্রেনের ভেতর দিয়ে পাইপ স্থাপন করা হলে নগরীর অবকাঠামো রক্ষণাবেক্ষণে অতিরিক্ত ব্যয় ও জনদুর্ভোগ তৈরি হতে পারে। নিয়ম অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশন এলাকার সড়ক, ফুটপাত কিংবা ড্রেনের ওপর দিয়ে বালু সরবরাহের পাইপলাইন স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি প্রয়োজন। অন্যদিকে নদী থেকে বালু উত্তোলন ও বালুমহাল পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও শর্ত মানা জরুরি। নৌপথ ও সংশ্লিষ্ট স্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী বিআইডব্লিউটিএর অনুমোদনও প্রয়োজন। এদিকে নগরবাসীর দাবি, শুধু অবৈধ পাইপলাইন জব্দ বা অপসারণ করলেই এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে জড়িত ব্যক্তি ও প্রভাবশালী মহলকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com